বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে মমেকের ২ আনসার সদস্য প্রত্যাহার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পেটানোর অভিযোগে ২ আনসার সদস্যকে প্রত্যাহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।



মারধরে আহত ওই ছাত্রের নাম ঐশ্বর্য সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের  ছাত্র।


জানা যায়, বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থী ঐশ্বর্য সরকার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এলে দুই আনসার সদস্যের সঙ্গে সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা হয়। ঘটনার একপর্যায়ে তাকে বন্দুক ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে আনসার শরিফ এবং মাসুদ। যার সত্যতা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আহত শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, চিকিৎসা নিতে এসে যেভাবে আমায় পিটিয়েছে তা সামনে থেকে কেউ না দেখলে বুঝত না। আমার শার্ট, ব্যাগ ছিঁড়ে ফেলেছে। চশমা ভেঙে দিয়েছে। সারা শরীরে লাঠি আর বন্দুক দিয়ে পিটিয়ে জখম করেছে।

শিক্ষার্থী আহতের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই সদস্য আসাদুজ্জামান নিউটন, আসলাম মাহমুদ এবং ফোকলোর বিভাগের শিক্ষক ড. মেহেদি উল্লাহ।

এরপর হামলার বিষয় নিয়ে আলোচনায় বসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর এবং তিন সদস্যের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।

আলোচনা শেষে ঘটনায় জড়িত দুই আনসার সদস্যকে হাসপাতাল থেকে প্রত্যাহার করা হয় পাশাপাশি আনসার কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ীভাবে অব্যাহতির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।  

শিক্ষার্থীকে প্রহারের ঘটনা দুই আনসার সদস্য দোষ স্বীকার করেছেন বলেছে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক ডা. মো. ওয়ায়েজউদ্দীন ফরাজী।